মাঠ দিবসে লতিরাজ জাতের কচুর লতির পুষ্টিগুণ ও চাষাবাদ নিয়ে আলোচনা
আনোয়ারুল কবীর: ময়মনসিংহে নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে করিমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে -এ অনুষ্ঠিত হয়েছে লতিরাজ জাতের কচু লতি বিষয়ক এক মাঠ দিবস। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকদের লাভবান করতে লতিরাজ জাতের কচু লতির চাষাবাদ ও এর বহুমুখী উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন আক্তার। তিনি বলেন, লতিরাজ জাতের কচু লতি অত্যন্ত পুষ্টিকর ও লাভজনক একটি সবজি। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ উপাদান ও খাদ্য আঁশ, যা মানবদেহের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এই জাতের কচু লতির ফলন ভালো হওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। তারা মাঠ পর্যায়ে লতিরাজ জাতের কচু লতির চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, পরিচর্যা এবং বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও কচু লতির পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সাধারণ মানুষের মাঝে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বারঘড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন। তিনি কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার ও কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।
মাঠ দিবসে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে লতিরাজ জাতের কচু লতি চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

