কটিয়াদীতে অসহায় বিসাকা ঠাকুরের পাশে স্বপ্নছোঁয়া ফ্রেন্ডস ক্লাব
মো. মনির হোসেন: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে স্বপ্নছোঁয়া ফ্রেন্ডস ক্লাবের মানবিক উদ্যোগে স্বামী-সন্তানহারা বিসাকা ঠাকুর (৬৫) পেলেন নতুন ঘর ও চিকিৎসা সেবা।
জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামের বাসিন্দা বিসাকা ঠাকুর দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও জরায়ুতে টিউমারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। প্রায় তিন মাস আগে তার অসুস্থতার বিষয়টি স্বপ্নছোঁয়া ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের নজরে এলে তারা দ্রুত চিকিৎসার উদ্যোগ নেন।
সংগঠনটির পক্ষ থেকে প্রথমে কিশোরগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগের চিকিৎসা করানো হয়। পরে জরায়ুতে টিউমারের সফল অস্ত্রোপচারও সম্পন্ন করা হয়। অপারেশনের সময় রক্তের প্রয়োজন হলে ক্লাবের কোষাধ্যক্ষ মাহনুল হাসান মহসিন স্বেচ্ছায় রক্তদান করেন।
চিকিৎসা শেষে বিসাকা ঠাকুরের বসতঘরের বেহাল অবস্থা দেখে তার জন্য নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সেই ধারাবাহিকতায় শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজ শুরু হয়।
স্বপ্নছোঁয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আজহারুল হাসান জানান, স্বপ্নছোঁয়া পরিবারের পক্ষ থেকে বিসাকা ঠাকুরের চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করা হয়েছে। আমরা শুধু তার চিকিৎসার দায়িত্বই নিইনি, বসবাসের অযোগ্য ভাঙাচোরা ঘরটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। আজ থেকে সেই কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
তিনি জানান, সংগঠনের অর্থ উপদেষ্টা আজিজুল হক (মন্টু) শুরু থেকেই এই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক এই উদ্যোগ বাস্তব রূপ পাচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে, বিসাকা ঠাকুরের নতুন ঘর নির্মাণে আনুমানিক ৫৫ থেকে ৬০ হাজার টাকা ব্যয় হবে।

