কিশোরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন, বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদান
মো. মনির হোসেন: কিশোরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে এসব ঢেউটিন বিতরণ করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
এসময় উপজেলার বৌলাই কাঠালিয়া এলাকার বজ্রপাতে নিহত তাজুল ইসলামের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চলতি বাজেটে সদর উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ৫০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হবে। পাশাপাশি প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হবে।
তিনি জানান, এই মুহূর্তে সকলকে ঢেউটিন দেওয়া হচ্ছে। প্রত্যেকের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। নগদ তিন হাজার টাকা পরবর্তীতে প্রদান করা হবে।

