নেত্রকোনায় ডিমওয়ালা মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার হাওর, বিল, নদী ও প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা, বিক্রয় ও বিপণন বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও যুবফোরাম নেত্রকোনার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশবিদ অহিদুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পালসহ আরও অনেকে।

বক্তারা জানান, নেত্রকোনার প্রাকৃতিক জলাশয়গুলো দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র। বর্তমানে নির্বিচারে ডিমওয়ালা মাছ নিধন অব্যাহত থাকলে প্রাকৃতিক মৎস্যসম্পদ চরম হুমকির মুখে পড়বে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। এ সময় তারা মা মাছ রক্ষা ও দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।

স্থানীয়রা জানান, কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত ডিমওয়ালা মাছ ধরা ও বাজারে বিক্রি বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ