কুড়িগ্রামের উলিপুরে ২৭.৫ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে পুলিশের চেকপোস্টে ধাওয়া খেয়ে উল্টে যাওয়া একটি সিএনজি থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করে পুলিশ। তবে চালকসহ জড়িতরা পালিয়ে গেছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় চেকপোস্ট বসায় উলিপুর থানা পুলিশ। এ সময় উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে উল্টো পথে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৭টি প্যাকেট থেকে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।

