নেত্রকোনায় খাল পরিষ্কার অভিযানে এমপি, পরিচ্ছন্ন শহর গড়তে সবার অংশগ্রহণের আহ্বান

 নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনা পৌর শহরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খাল-নালা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

শনিবার দুপুরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র-জনতা ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শহরের চল্লিশাকান্দা জেলখানা মেইন রোড থেকে আবু আব্বাস কলেজ পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

নেত্রকোনা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, “পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরীর পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে খাল-নালা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে জনগণকেও এগিয়ে আসতে হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনা ও কচুরিপানায় ভরে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিত। এ অবস্থায় খাল পরিষ্কারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।

তাদের মতে, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে শহরের পরিবেশ উন্নত হবে এবং মশার বিস্তার কমে জনস্বাস্থ্যের ঝুঁকিও হ্রাস পাবে।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু বলেন, “শুধু প্রশাসনের উদ্যোগ নয়, সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণেই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নেত্রকোনা গড়ে তোলা সম্ভব।”

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ