বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশু ভর্তি, টিকাদান শুরু রোববার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে শজিমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৪ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭ জন শিশু। এছাড়া গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ জন। একই সময়ে মোট ৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের রোগীদের জন্য পৃথক একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। তবে শজিমেক হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো হামের রোগী ভর্তি নেই।

এদিকে, বগুড়ার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, জেলায় ইতোমধ্যে ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আগামীকাল রোববার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এর আগে জেলায় ৬ হাজার ডোজ টিকা মজুদ ছিল।

তিনি আরও জানান, ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে এবং আগের নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতেই এ কার্যক্রম পরিচালিত হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ