ধামইরহাটে বিশ্ব পানি দিবস উদযাপন, সচেতনতায় নানা আয়োজন

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব পানি দিবস-২০২৬। এ উপলক্ষে মতবিনিময় সভা, পরিচ্ছন্নতা অভিযান, শোভাযাত্রা ও পানি সাশ্রয়ী মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগৎনগর আশ্রায়ন প্রকল্পের টুক্কামারী দিঘির পাড়ে এ কর্মসূচির আয়োজন করে ইএসডিও’র গোফরইমপ্যাক্ট কর্মসূচি। এতে সহযোগিতা করে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ছিল— “পানির প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”।

ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলমের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের অংশগ্রহণে পানির অপচয় রোধ, সঠিক ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।

পরে টুক্কামারী দিঘির পাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।
এর আগে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা পানি সাশ্রয়ী বিভিন্ন উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। তারা স্থানীয় খাল-বিল ও জলাশয় সংরক্ষণ এবং কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর প্রাথমিক ধারণা তুলে ধরে। এ সময় সেরা উদ্ভাবনের জন্য ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম ও সাহেরা বেগম, বিএমডিও’র উপসহকারী প্রকৌশলী সানাউল হক, ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, সিনিয়র কর্মকর্তা গিতা মিস্ত্রী, জয়রিয়া আক্তার ডালিয়া এবং মনিটরিং কর্মকর্তা বিপ্লবসহ অনেকে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ