বগুড়ায় নদী থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মুলবাড়ী গ্রামসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির মাথা থেকে পেট পর্যন্ত অংশ কঙ্কালে পরিণত হয়েছে। নিচের অংশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। শরীরের গঠন ও পরনের কাপড় দেখে মৃত ব্যক্তিকে নারী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয়রা জানান, এর আগে ওই এলাকায় কোনো দুর্গন্ধ ছিল না।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের একটি অংশ ইতোমধ্যে কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ