এই দেশ স্বাধীনতার পক্ষে থাকবে, না মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের হাতে যাবে? : ধানের শীষের প্রার্থী জালাল
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভায় পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাস্থল ও আশপাশের পুরো এলাকা মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট জালাল উদ্দিন বলেন, আজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—এই দেশ স্বাধীনতার পক্ষের শক্তির হাতে থাকবে, নাকি একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা আজও বলে মুক্তিযুদ্ধের ৯০ ভাগ ইতিহাস মিথ্যা, তাদের হাতে চলে যাবে। তিনি বলেন, যারা এখনো বলে মুক্তিযুদ্ধের ঘোষক কর্নেল অলি, আজ তাদের বিরুদ্ধেই আমাদের নির্বাচন করতে হচ্ছে। অথচ কর্নেল অলি নিজেই জানে এবং তার লেখা বইয়েও উল্লেখ করেছে যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দলের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সরকারি সহায়তা পাবেন নারীরা। পাশাপাশি কৃষক ভাইদের জন্য দেওয়া হবে কৃষক কার্ড, যার মাধ্যমে তারা ৩১টি সরকারি সুবিধা ভোগ করতে পারবেন। তিনি এ জন্য এলাকাবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় পাকুন্দিয়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আতিকুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

