বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেফতার: সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও ধর্ষণ মামলার আসামি

মোঃ মারুফ হোসেন
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদ্য সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকালে বরিশালের সিএন্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় জসিম উদ্দিন এজাহারভুক্ত আসামি।

সরকারবিরোধী আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকেই আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় বুধবার রাতে তাকে আটক করা হয়।

জসিম উদ্দিন বরিশালের রাজনীতিতে সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। হিরনের মৃত্যুর পর তিনি সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হয়ে রাজনীতিতে সক্রিয় হন।

২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। এরপর ২০২৫ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।

শুধু রাজনৈতিক সহিংসতাই নয়, জসিম উদ্দিনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগও রয়েছে।

২০২১ সালের ২২ এপ্রিল বরিশাল বিমানবন্দর থানায় এক স্কুল শিক্ষিকা তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রেমের ও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন জসিম উদ্দিন। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়, এমনকি একটি বেসরকারি হাসপাতালে গিয়ে গর্ভপাত করানোর ঘটনাও ঘটানো হয়।

এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও চলছে। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন,
জসিম উদ্দিন একাধিক মামলার পলাতক আসামি। রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি।

ছাত্র রাজনীতি থেকে উপজেলা ও সিটি নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত জসিম উদ্দিনের উত্থান যেমন দ্রুত ছিল, তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোও তেমনি আলোচিত। তার গ্রেফতারে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, চলমান মামলাগুলোতে দ্রুত আইনি কার্যক্রম গ্রহণ করা হবে এবং প্রয়োজনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ