পাকুন্দিয়ায় বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ 

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে মো.সিদ্দিক হোসেন নামের এক বিএনপি কর্মীকে অতর্কিত হামলা চালিয়ে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৩১শে মার্চ রাতে উপজেলার নারান্দী ইউনিয়নের শালংকা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িতদের বিচার চেয়ে গত রোববার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে আহতের স্বজন ও গ্রামবাসীরা।
মিছিলটি শালংকা নতুন বাজার থেকে শুরু হয়ে বড়আজলদী পর্যন্ত যায়। পরে সেখানে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে ঘটনায় জড়িত আওয়ামীলীগ নেতা শাকিল রেজাকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য স্থানীয় বিএনপি নেতা, আল-আমিন মিয়া, কাঞ্চন মিয়া, তাজুল ইসলাম, বকুল মিয়া, এরশাদ মিয়া ও কাজল মিয়া।
জানা গেছে, উপজেলার শালংকা গ্রামের সিদ্দিক হোসেন এর সঙ্গে পূর্ব বিরোধ চলছে একই গ্রামের শাকিল রেজার। এর জেরে গত ৩১মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন এশা নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাওয়ার পথে শাকিল রেজা তার লোকজন নিয়ে সিদ্দিকের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সিদ্দিক হোসেন গুরুতর আহত হন। পরের দিন ঘটনার ব্যাপারে শাকিল রেজা, তার দুই ছেলে রাকিব রেজা, নকিব রেজা এবং তারিফ রেজার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ