কিশোরগঞ্জে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারস্থ কিশোরগঞ্জ নিউজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামীম বলেন, সম্প্রতি একটি চক্র সংবাদ সম্মেলন করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। এসব মিথ্যা অভিযোগের বিরুদ্ধেই আজকে এই সংবাদ সম্মেলন।
তিনি বলেন, জেলা শহরের নগুয়া শ্যামলী রোড এলাকায় পাঁচ শতাংশ জায়গার উপর একতলা বাসাসহ জায়গার মালিকের কাছ থেকে ২০১১ সালের ২৭শে ডিসেম্বর সাফ কাওলা দলিলের মাধ্যমে মনিরুল ইসলাম শামীম জায়গাটি কিনে নেন। ব্যবসার কাজে তিনি চট্টগ্রামে অবস্থান করায় বাসাটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু গত কয়েকবছর ধরে স্থানীয় একটি চক্র মনিরুল ইসলাম শামীমের কাছে মোটা অংকের চাঁদা দাবিসহ তার বাসাটি বেদখল করার পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত ৫ই মার্চ তার বাসাটিতে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাসার সিসি ক্যামেরা, নেমপ্লেট ভেঙ্গে ফেলে ও ভাড়াটিয়াকে মারধোর করে। তারা ভাড়াটিয়াকে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। এছাড়া তারা ভাড়াটিয়ার মোবাইল থেকে তাকে কল করে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি গত ১২ই মার্চ কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর থেকে চক্রটি তার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। বিএনপির নেতা হওয়ায় তিনি বাসাটি দখল করে নিয়েছেন, এমন মিথ্যা অভিযোগও তার বিরুদ্ধে করা হচ্ছে। এ রকম পরিস্থিতিতে তিনি এসবের প্রতিকার দাবি করেছেন।

