ভৈরবে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
এম এ হালিম, ভৈরব :
ভৈরবে মেঘনা সেতু এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বিপ্লব মিয়া (২০) নামে ১ যুবক গুরুতর আহত হয়েছে । সে কুলিয়ারচর উপজেলার মনোহরপুর গ্রামের বরু মিয়ার পুত্র বলে জানা গেছে ।
আজ রোববার বিকালে আহত যুবক মেঘনা পাড়ে ঘুরতে এলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও হাতে আঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায় । পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত বিপ্লব মিয়ার বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

