স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানিসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্যে নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

