কিশোরগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
মোঃ মনির হোসেন: ভেজাল এবং হাইকোর্টের আদেশে নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কিশোরগঞ্জ।
বুধবার (২৯ মে) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ও বৌলাই এলাকা এবং করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক মো: ইব্রাহীম হোসেন।
তিনি জানান, অভিযানে অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি সংরক্ষণ করায় শোলাকিয়ার তাজ সুইটসকে দশ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পন্য বিক্রির অপরাধে বৌলাই এলাকার কাজল স্টোর কে দুই হাজার টাকা এবং করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরের জুঁই স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পন্য বিক্রির অপরাধে তিন হাজার টাকা এবং নূরনবী স্টোরকে নিষিদ্ধ পণ্য বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সহযোগিতায় পরিচালিত অভিযানে করিমগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

