নদী দখলের অভিযোগে ইটনায় মানববন্ধন, উন্মুক্ত রাখার দাবি
নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের ইটনায় নদী দখলমুক্ত ও উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা-ভাটিরাজিবপুর এলাকায় নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, কৃষক, জেলে, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, লাইমপাশা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত নদীটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল এবং স্থানীয়রা এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। তবে সম্প্রতি একটি কুচক্রী মহল নদীটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে, যা এলাকাবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, নদী শুধু জীবিকার উৎস নয়, এটি এলাকার পরিবেশ ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী দখল হয়ে গেলে মৎস্যসম্পদসহ পুরো পরিবেশ ব্যবস্থাই বিপর্যয়ের মুখে পড়বে।
তারা অবিলম্বে নদী দখলমুক্ত রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

