সমাবেশের অনুমতি দেয়ার দায়িত্ব ডিএমপি কমিশনারের : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়ার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি)। পুলিশ কমিশনার যদি মনে করেন সমাবেশ করার জন্য কোনো অসুবিধা নেই, তাহলে পুলিশ কমিশনার সেই ব্যবস্থা নেবেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 কর্মসূচির অনুমতি পাওয়ার বিষয়টি আপনার না পুলিশ কমিশনারের ওপর নির্ভর করছে-জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ কমিশনারের ওপর নির্ভর করছে। দেশকে নিরাপত্তা দেয়ার মূল দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (বিএনপির ৩ নেতা) বলেছেন ২৯ তারিখের সমাবেশের পারমিশন (অনুমতি) দেয়া হচ্ছে না। আমি বলেছি কী কারণে দেয়া হচ্ছে না- নিশ্চয়ই কোনো কারণ সেখানে থাকতে পারে। তার পরের দিন কিংবা যেকোনো দিন আপনাকে দেবে, যেদিন কোন ধরনের অসুবিধা না থাকে। দেবে না এমন নয়, কারণ আপনারা তো এর আগেও করেছেন।
 ‘ডিএমপি কমিশনারের কাছে নিশ্চয়ই কোনো গোয়েন্দা তথ্য ছিল সেজন্য তিনি তাদের বারণ করেছেন। সমাবেশ যাতে নিরাপদে করতে পারেন সেজন্য আমাদের কমিশনারেরও কিছু দায়িত্বে রয়েছে। সেজন্য হয়তো কমিশনার অন্যদিন বা অন্য কোনো স্থানে সমাবেশ করতে বলেছেন।’ তিনি বলেন, তারা (বিএনপি নেতা) আমাদের বিষয়টি ভেবে দেখার জন্য বলেছেন আমি নিশ্চয়ই সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানতে চাইবো অসুবিধা কোথায় কিংবা কোনো ধরনের অসুবিধা আছে কি না?

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ