নান্দাইলে বসতঘর দখলের অভিযোগ, দুই সন্তান নিয়ে আশ্রয়হীন মা

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে স্বামীর পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে তাঁর পাঁচ বোনসহ স্বজনদের বিরুদ্ধে। মারধর ও হুমকির মুখে দুই শিশুসন্তানকে নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন নাদিরা আক্তার (২৭) নামে এক নারী। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

গত ৬ নভেম্বর নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাদিরা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন আব্দুল আওয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। তাঁদের মধ্যে কয়েকজন বাদীর ননদ ও স্বজন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত শাহজাহানের পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা করে আসছিলেন অভিযুক্তরা। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর সকাল ৭টার দিকে তাঁরা দলবদ্ধভাবে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করা হয়। নাদিরা আক্তার বাধা দিলে তাঁকে মারধর করে জোরপূর্বক বসতঘর থেকে বের করে দেওয়া হয় এবং ঘরটি দখলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নাদিরার অভিযোগ, এরপর থেকে অভিযুক্তরা তাঁকে হুমকি দিয়ে আসছেন। এতে দুই শিশুসন্তান তাকরীম (আড়াই বছর) ও সুয়াইরাকে (৫) নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বসতঘর ছেড়ে বাইরে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কারও ঘর দখল করেননি। তাঁরা নিজেদের ঘরেই বসবাস করছেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ