ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাদ্য শামুক-ঝিনুক সংগ্রহে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা, হুমকি ও জেলে পাঠানোর ঘটনার প্রতিবাদে র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সান্তাল বাইসি, ধামইরহাট পারগানা বাইসি, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আদিবাসী উইমেন্স প্ল্যাটফর্ম ও উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
দুপুরে আমাইতাড়া বাজার থেকে একটি প্রতিবাদী র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ধামইরহাট-নওগাঁ সড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক এসসি আলবার্ট সরেন, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নগেন মুরমু, অসিত পাহান, ঈশ্বর মার্ডী, ধীরেন হাঁসদা, কুরশীদ পাহান ও জয়নাল আবেদীন মুকুলসহ অন্যরা।
বক্তারা বলেন, শামুক-ঝিনুক আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খাদ্য। এসব সংগ্রহে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের বাধা, হুমকি ও জেলে পাঠানোর ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। আদিবাসীদের ঐতিহ্য ও জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা। এ সময় তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

