সান্তাহারে শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সান্তাহার রথবাড়ী এলাকায় তাঁর নামে প্রতিষ্ঠিত বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাসুমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা ও দেওয়ান আল আমিন বাবু।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেনের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীর। এছাড়া কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম আসাদুল হক বেলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান জিকোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের বীরত্ব ও দেশপ্রেমের কথা স্মরণ করেন। তাঁর কর্মময় জীবন ও মহান আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে শহীদ লেফটেন্যান্ট আহসানুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ