ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫৩তম আসর শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
আয়োজক কমিটি জানায়, এবারের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মোট চারটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড় শিবপুর দাখিল মাদ্রাসা। অন্যদিকে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।
এছাড়া বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী একক খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বীরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদ জাহান এবং ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন। খেলা পরিচালনা করেন সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. আতাউর রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষকরা।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

