কিশোরগঞ্জে জমির বিরোধে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত সপ্তাহে ওই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। দুলাল মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে সুমনের বুকে ছুরিকাঘাত করেন রুবেল । হামলায় সুমন ও দুলাল দুজনেই জখম হন।

তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ২টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। মরদেহ বর্তমানে মমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ