চাকরির নামে প্রতারণা: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগ চক্রের প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মো. আ. সালাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। তিনি একটি মাদ্রাসার সাবেক সুপার বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আ. সালাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মাজিদপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আ. হামিদের ছেলে। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, চাকরিপ্রার্থীদের দেওয়া বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের ফাঁকা পাতা এবং চাকরিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি সূত্রে জানা যায়, আ. সালামের নেতৃত্বে একটি প্রতারক চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত এবং প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ