সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ উপলক্ষে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। একই সময়ে সান্তাহার পৌরসভা কার্যালয়ে দাবা এবং ফারিস্তা পার্কে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার ছয়টি ইউনিয়ন ও সান্তাহার পৌরসভা এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর সকাল ১০টায় সান্তাহার স্টেডিয়ামে ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টায় হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ ছাড়া ২ নভেম্বর সকাল ১০টায় বীর বিক্রম শহীদ লে. আহসানুল হক ডিগ্রি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হবে টেবিল টেনিস প্রতিযোগিতা।
বিভিন্ন ইভেন্টে দায়িত্ব পালন করছেন ফুটবলে জাহিদ খান, সাঁতারে আব্দুল জলিল, দাবায় খালেদা খানম, কাবাডিতে শীতেন্দ্রনাথ মজুমদার, ব্যাডমিন্টন ও ভলিবলে অশোক কুমার ঘোষ এবং রতন কুমার বসাক, ক্রিকেটে ফরিদুল ইসলাম ও শামীম পারভেজ, অ্যাথলেটিকসে চন্দনা বসাক ও সাজেদা খানম এবং টেবিল টেনিসে শহিদুল ইসলাম।
সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ কর্মসূচির আওতায় উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে ১০টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগ থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য খেলোয়াড় নির্বাচন করা হবে।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়েরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এভাবে ধাপে ধাপে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৫ নভেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। একই দিন সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সিজন-২ উদ্বোধনের কথা রয়েছে।

