দলের সঙ্গে আরব আমিরাতের প্লেনে ওঠা হচ্ছে না শান্তর

নিউজ ডেস্ক:

প্রচন্ড জ্বর নিয়ে এশিয়ান গেমস থেকে গতকালই দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফিরে ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামীকাল বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না তিনি। তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিসের আশা, সিরিজ শুরু আগে সঠিক সময়েই দলের সঙ্গে যোগ দিতে পারবেন শান্ত।

বুধবার ক্রিকেটের সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাফিস। সেখানেই শান্তর সাম্প্রতিক অগ্রগতি নিয়ে সর্বশেষ আপডেট জানান তিনি। নাফিস বলেন, ‘শান্ত কিছুটা জ্বরে ভুগছিল। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এশিয়ান গেমস থেকে বাংলাদেশে নিয়ে এসেছি। সে গতকাল রাতে বাংলাদেশে ফিরেছে। আজ সে ডাক্তার দেখিয়েছে। তবে আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং ডাক্তার যে মূল্যায়ন করেছেন, তাতে সে সুস্থতার দিকে এগোচ্ছে। আমরা খুবই আশাবাদী, যথাসময়ে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’

আবু ধাবিতে আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আগামীকাল রাতে ১০.১৫ মিনিটের ফ্লাইটে টেস্ট দলের একটা অংশ দেশ ছাড়বে। বাকিরা জাপানে এশিয়ান গেমস শেষে সরাসরি দলে যোগ দিবেন। তবে জ্বর নিয়ে দেশে ফেরা শান্ত আগামীকাল দলের সঙ্গে যাচ্ছেন না। ৪ ও ৫ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। নাফিসের আশা শান্ত এর আগেই দলের সঙ্গে যোগ দিবেন।

তিনি বলেন, ‘যদিও সে আগামীকাল দলের সঙ্গে যাচ্ছে না, আমাদের মূল টুর্নামেন্ট ও সিরিজ (প্রস্তুতি ম্যাচ থেকে) তো (৪ ও) ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। আমরা বিশ্বাস করি, যথাসময়ে সুস্থ শান্তকে আমরা পাব, ইনশাআল্লাহ।’

আবুধাবির তাপমাত্রা এই মুহূর্তে প্রায় ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানেই টেস্ট খেলবে টাইগাররা। ফলে বিশেষ করে পেসারদের নিয়ে বাড়তি চিন্তা থেকেই যায়। তবে নাফিস বলেন, টিম ম্যানেজমেন্ট দল গড়ার সময় সবকিছুই বিবেচনা করে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত সাধারণত যেটা দেখেছি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রত্যেকটি বিষয় বিবেচনা করেই দল গঠন করেছে। এখন পর্যন্ত আমরা সেটাই দেখেছি। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা তো আমি বলতে পারব না। তবে অবশ্যই এতটুকু আমরা নিশ্চিত করতে পারি যে প্রত্যেক খেলোয়াড়ের সুস্থতা, তাদের ভালো থাকা এবং কন্ডিশন- এসব বিষয় অবশ্যই তাদের বিবেচনায় থাকে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আগামী দুই-তিন মাসে আমাদের যে গুরুত্বপূর্ণ ক্রিকেট আছে, সেগুলো বিবেচনায় নিয়েই দল গঠন করবে। অন্তত এখন পর্যন্ত তারা সেভাবেই করেছে এবং এই সিরিজেও, ইনশাআল্লাহ, এর ব্যতিক্রম হবে না।’

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ