তাড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৮ পরীক্ষার্থী
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়ও শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার ৫৯৩ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর তাড়াইলে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ৭০৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৫৯৩ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ১১২ জন। তবে প্রথম দিনে শুধু নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনিয়মিত পরীক্ষার্থীদের এদিন কোনো পরীক্ষা ছিল না।
উপজেলায় দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৫ জন এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে ১২৮ জনসহ মোট ৫৯৩ জন নিয়মিত পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
প্রথম দিনের পরীক্ষায় তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ৪৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন অনুপস্থিত ছিলেন। অন্যদিকে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ কেন্দ্রে দামিহা উদয়ন কলেজের ৫৯ পরীক্ষার্থীর মধ্যে ২ জন এবং নীলগঞ্জ রফিকুল ইসলাম কলেজের ৫০ পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষায় অংশ নেয়নি। তবে নীলগঞ্জ হাজী মমতাজ স্কুল অ্যান্ড কলেজের নিবন্ধিত ১৯ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র নিয়মিত তদারকি করা হচ্ছে। আশা করছি, বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন বলেন, “প্রথম দিনের পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেই সন্তোষজনক পরিবেশ বজায় ছিল। আগামী পরীক্ষাগুলোও সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।”

