আদমদীঘিতে এমপি আব্দুল মহিত তালুকদারের বিশেষ বরাদ্দে উপকরণ ও মানবিক সহায়তা বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এডিপির আওতায় বিতরণ করা হয় ১৬টি সেলাই মেশিন, ১৬টি বাইসাইকেল, ১২টি টিউবওয়েল, ৪৮ বান্ডিল ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম বোর্ড, ১৯৩ ফুট পিআইসি পাইপ এবং ৫০০টি বৃক্ষের চারা।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে মোট ৪ লাখ টাকা নগদ সহায়তা এবং ৪০০ জনের মধ্যে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

