সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নিকলীতে মতবিনিময় সভা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণে রাজনৈতিক ও ধর্মীয় স্থিতিশীলতার গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তায় নিকলী পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন পিএফজির সদস্য ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম। মূল বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে রাজনৈতিক সহনশীলতা, ধর্মীয় সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গুজব, উসকানিমূলক বক্তব্য, কিশোর গ্যাং, মাদক, সাম্প্রদায়িক বিদ্বেষ ও সামাজিক বিভাজন সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ধর্মের মূল শিক্ষা শান্তি, মানবতা ও ন্যায়বিচার। তাই ধর্মকে বিভেদের হাতিয়ার না বানিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের মাধ্যমে জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও নাগরিক আস্থা আরও সুদৃঢ় হবে।
সভায় উপজেলা বিএনপির সদস্য মো. আসাদুজ্জামান মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রভাষক এ.এস.এম. আছাদ, নিকলী সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন, কামরুল আহসান স্বাধীন, ফাইজুল কবীর খোকন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নীল রতন সাহা, মুফতি জাহিদুল ইসলাম, সাংবাদিক জয়দেব আচার্য্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

