করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষকের ফেসবুক আইডি হ্যাক, অজ্ঞাত আইডি থেকে অপপ্রচার: থানায় জিডি

মো. মনির হোসেন ও আনোয়ারুল কবীর: কিশোরগঞ্জের করিমগঞ্জে ফেসবুক আইডি হ্যাক এবং অজ্ঞাত ফেসবুক আইডি থেকে অপপ্রচার ও অশ্লীল পোস্ট ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪৫) করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রভাষক এবং উপজেলার খাকশ্রী নুরুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি।

জিডি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) করিমগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর- ৬৬৬ এবং ট্র্যাকিং নম্বর- B9VBLP।

জিডিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে কর্মস্থল করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ে অবস্থানকালে নিজের মোবাইলের ফেসবুক আইডিতে প্রবেশের চেষ্টা করেন। এসময় কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে জানতে পারেন, করিমগঞ্জ সংবাদ পরিচয়ধারী একটি ফেসবুক আইডি থেকে তার নামে অপপ্রচার ও অশ্লীল বিভিন্ন বিষয় প্রচার করা হচ্ছে।

পরে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করতে না পেরে ধারণা করেন, তার আইডিটি হ্যাক করা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় ভবিষ্যতের আইনগত পদক্ষেপের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান তিনি। পাশাপাশি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে মামলা দায়ের করবেন বলেও জিডিতে উল্লেখ করেন।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, তিনি দ্বিতীয়বারের মতো খাকশ্রী নুরুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কমিটি অনুমোদনের পর থেকেই কতিপয় অজ্ঞাত ব্যক্তি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভুয়া ফেসবুক আইডি থেকে তার নামে নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ