তাড়াইলে কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে অংশীজনদের সম্পৃক্ত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাড়াইলের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার, গাইটাল কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. মফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায় স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।
এসময় উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমীন, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা অংশ নেন।
বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি খাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

