কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না মোটরসাইকেলের জ্বালানি: জেলা প্রশাসন

মো. মনির হোসেন: কিশোরগঞ্জে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল প্রাপ্তিতে বিশেষ জ্বালানি কার্ড চালু করেছে জেলা প্রশাসন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানী তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিশেষ জ্বালানি কার্ড সংগ্রহ করতে হবে।

জ্বালানি কার্ড সংগ্রহের জন্য প্রয়োজন হবে, মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স এবং মোবাইল নম্বর।

এছাড়া অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড নিতে পারবেন।

ঘোষণায় আরও বলা হয়, আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল ২০২৬ থেকে কিশোরগঞ্জ জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, প্রাপ্ত জ্বালানি কোনোভাবেই অন্যের কাছে হস্তান্তর বা বিক্রয় করা যাবে না।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ