কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

মো. মনির হোসেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কটিয়াদী হাইওয়ে পুলিশ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ