যানজট নিরসনে করিমগঞ্জে ইউএনও’র উদ্যোগ, রিকশা মোড়ে আনসার মোতায়েন

আনোয়ারুল কবীর: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার প্রধান বাজার এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। তার উদ্যোগে করিমগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ রিকশা মোড়ে আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, করিমগঞ্জ বাজার এলাকায় রিকশার কারণে এমন তীব্র যানজট সৃষ্টি হয় যে সাধারণ মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স, এমনকি ফায়ার সার্ভিসের গাড়িও সহজে চলাচল করতে পারে না। অনেক সময় বাজার পার হতে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়। পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এ অবস্থায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার করিমগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে রিকশা মোড়ে আনসার বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেন। এর ফলে বাজার এলাকায় যানজট অনেকটাই কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, আমরা করিমগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে ইউএনও তাহমিনা আক্তারকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। এই কার্যক্রম যেন অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।

ব্যবসায়ী মাহতাব মিয়া বলেন, যানজটের কারণে ঠিকমতো ব্যবসা করতে পারি না, মানুষও চলাচল করতে পারে না। কয়েকদিন আগে গুজাদিয়ায় আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক সময় লেগেছে। তাই আনসার সদস্যরা যেন সবসময় দায়িত্বে থাকে এই দাবি জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যানজটের কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ সাধারণ মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিল। ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। তাই প্রাথমিকভাবে আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। করিমগঞ্জকে যানজটমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।

এদিকে স্থানীয়দের মতে, বাজার এলাকায় যানজট কমায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে করিমগঞ্জ বাজারে যানজট নিরসনের এই উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ