করিমগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইউএনও’র বাজার মনিটরিং জোরদার
আনার সরকার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে তৎপরতা বাড়িয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) করিমগঞ্জ বাজারে সরেজমিনে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
এ সময় তিনি করিমগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান কাপড়ের দোকান, মিষ্টির দোকান, ফলের আড়ত, মুদি ও কাঁচাবাজার পরিদর্শন করেন। পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মান বজায় রাখা এবং মূল্য তালিকা প্রদর্শনসহ কোনো ধরনের প্রতারণা হচ্ছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ন্যায্যমূল্য বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে একটি মিষ্টির দোকানের কারখানায় নিম্নমানের উপকরণ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় চার হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা বাজারে এসেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সর্বদা কাজ করছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে বাজারে নজরদারি জোরদার রাখা হয়েছে। আমরা ক্রেতা ও ব্যবসায়ী উভয় পক্ষের সঙ্গে কথা বলছি।
তিনি আরও জানান, পবিত্র ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
