খুলনায় দুই মাদক কারবারির যাবজ্জীবন

দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ জুন) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জয়নাল আবেদীন ও মিল্টন হাওলাদার। তবে রায় ঘোষণার সময় মিল্টন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে ট্রাফিক গোল চত্বরে দুজন ব্যক্তি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ এ সময়ে তাদের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান দুজনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন। একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন এবং মিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ