পাকুন্দিয়ায় বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার, কঠোর অবস্থানে পুলিশ
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনার মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আরও ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোশারফ হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ভিটিপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে সুমন আকন্দ (৩৫) চর লক্ষীয়া গ্রামের মোঃ ফিরুজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম কাজল (৪২) পৌর সদর হাপানিয়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে মোঃ ছেনু মিয়া (৬১) খামা গ্রামের লাল হোসেনের ছেলে আশরাফুল আলম উরফে আসাদ (৪২)।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন বলেন, সরকারী কাজে বাধা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও হামলার অভিযোগে ২০২২ সালের ৪ ডিসেম্বর রাতে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী মামলাটি দায়ের করেন। এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতার অব্যাহত থাকবে।
এদিকে আজ রবিবার সকাল থেকেই সারা দেশে শুরু হয়েছে বিএনপির অবরোধ কর্মসূচি । তবে পাকুন্দিয়ায় এর কোন প্রভাব পরেনি। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের অবরোধের মাঠে দেখা যায়নি। তবে অবরোধে মানুষের জানমালের নিরাপত্তা দিতে পৌর শহরে অবস্থান নিয়েছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থা দেখা গেছে।

