আওয়ামী লীগ সরকারকে জনগন আবারও ক্ষমতায় আনবে—পরিকল্পনামন্ত্রী
মোজাম্মেল আলম ভূঁইয়া
সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- উন্নয়নের জন্যই আওয়ামী লীগ সরকারকে এদেশের জনগন আবারও ক্ষমতায় আনবে। কারণ বাংলার মানুষ উন্নয়ন চায়। তারা লুটপাট পছন্দ করেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে তাতে মানুষ সন্তুষ্ট। তবে এখনো পর্যন্ত শতভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন- মাঠ পর্যায়ে আমরা ঘুড়ে দেখছি ৮০-৯০ ভাগ নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনা তত বাড়তে থাকবে। এদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।
আজ রবিবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নতুন ভবনে পাঠদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
ওই সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন- হরতাল ও অবরোধে দেশের অর্থনীতি প্রচন্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্ঠি করছে তারা তাদের অতীতের কর্মকান্ডের কথা ভুলে গেছে। তারা ভুলে গেছে বাংলার মানুষ লড়াই করে এদেশের স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আমরা আবারও লড়াই করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়নের সংগ্রাম চালিয়ে যাব।
দেশীয় বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী এমএ মান্নান বলেন- জিনিস পত্রে দাম বৃদ্ধি পাচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নাই। তবে দাম বাড়ার পিছনে কিছু কারণ আছে। তার ব্যাখ্যা এখান দেব না। তবে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আর সেটা হল এদেশের মানুষের আয় বেড়েছে। তারপরও জনগনের কথা চিন্তা করে বর্তমান সরকার বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ও পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

