রড দিয়ে পিটিয়ে পোষা বিড়াল হত্যা, থানায় অভিযোগ মালিকের
কিশোরগঞ্জে একটি গৃহপালিত বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে থানায় গিয়ে বিচার দাবি করেছেন মালিক। শহরের খরমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নূর মোহাম্মদ
বুধবার (১১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো.আল-আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাতে গৃহপালিত বিড়াল লায়নকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ এনে বিড়ালটির মালিক হিল্লোল চৌধুরী জনি। অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি নিজের ভুল বুঝতে পেরে বিড়ালের মালিকের কাছে ক্ষমা চেয়েছেন।
জানা গেছে, খরমপট্টি এলাকার বাসিন্দা জনি দীর্ঘদিন ধরে বাসায় বিড়াল পালন করেন। তার বাসায় ১১টি বিভিন্ন রঙের বিড়াল রয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর বাসার সামনের রাস্তায় খেলা করছিল জনির বিদেশি জাতের বিড়াল লায়ন। এ সময় প্রতিবেশী শহিদুল ইসলাম বিড়ালটিকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেন। এর প্রতিবাদ করায় বিড়ালের মালিককেও বিভিন্ন হুমকি দেয়া হয়।

