কুড়িয়ে পাওয়া কানের দুল মালিককে ফিরিয়েদিলেন কালেক্টরেটের পিয়ন
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট কনফারেন্স রুমে ছিল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স। অন্যান্য দিনের মতই যথাযথ ভাবে শেষ হয়েছিল কনফারেন্সটি। কনফারেন্সে এসেছিলেন এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিকিা চামেলী দাস। কনফারেন্স শেষ করে তিনি বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন তার দু’টি কানের দুলের একটি কোথায় যেন পড়ে গেছে। বিভিন্ন জায়গায় তিনি খোঁজাখুঁজি করেন। তবে বিষয়টি ডিসি অফিসের কাউকে তিনি জানাননি। কনফারেন্সের দিন বিকেলে ডিসি অফিসের বারান্দায় একটি কানের দুল পড়ে থাকতে দেখেন এডিসি জেনারেল তরফদার মোঃ আক্তার জামীল এর অফিস সহায়ক (এমএলএসএস) মোঃ আজিজুল হক। দুলটি তাৎণিক তিনি এডিসি জেনারেল তরফদার মোঃ আক্তার জামীলের কাছে নিয়ে যান। এডিসি জেনারেল তাকে ঐদিনের ভিডিও কনফারেন্সে উপস্থিত মহিলাদের নাম সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগের জন্য নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী মহিলাদের সাথে যোগাযোগ করে জানা যায় ঐদিন চামেলী দাসের একটি কানের দুল হারিয়ে গিয়েছিল। এরপর গতকাল দুপুরে তাকে খবর দিয়ে এনে উক্ত দুলটি তার হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল। হারানো দুল ফিরে পেয়ে চামেলী দাস এডিসি জেনারেল তরফদার মোঃ আক্তার জামীল ও অফিস সহায়ক মোঃ আজিজুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় কিশোরগঞ্জ উইমেন চেম্বার এন্ড কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার উপস্থিত ছিলেন। কানের দুল হারানোর ঘটনায় এডিসি জেনারেল বলেন, “অফিস সহায়কের এই ভূমিকায় আমি আপ্লুত। এখনও এমন ভাল মানুষ আছেন বলে সমাজ সঠিকভাবে চলছে।”

