বাজিতপুরের পল্লীতে জমি সংক্রান্ত জেরে দফায় দফায় হামলায় মহিলা সহ আহত ৫, বাড়িঘর ভাংচুর
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বলিয়ারদী ইউনিয়নের বলিয়ারদী মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে মুসলেহ উদ্দীন সহ ৮-১০জন মো: আব্দুস ছাত্তারের বাড়ি সহ আত্মীয় স্বজনের ৫-৬টি বাড়িতে আক্রমন চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়াগেছে। তখন আব্দুস ছাত্তারের লোকজন হামলা ঠেকাতে গিয়ে মহিলা সহ অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে জারুফা আক্তার (৪০), নার্গিস আক্তার (৪০) ও আব্দুস ছাত্তার (৫০) ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল সারে ১১টার দিকে আব্দুস ছাত্তারের বাড়িতে।
এলাকাবাসী ও থানাসূত্রে জানাগেছে, মুসলেহ উদ্দীন গংরা দীর্ঘদিন ধরে আব্দুস ছাত্তারের আত্মীয় স্বজনের জায়গা জোর পূর্বকভাবে দখল করে আসছে। তখন, আব্দুস ছাত্তারের লোকজন প্রতিবাদ করলে পরের দিন শুক্রবার উভয়পক্ষের ৩জন আহত হয়। শুক্রবারদিন আব্দুস ছাত্তারের বাড়িঘরে মুসলেহ উদ্দীন গংরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর স্বর্ণালঙ্কার, মস্তুমিয়ার বসত ঘরের দরজা জানালা ভাংচুর, জারুফা আক্তারের বাড়িঘর ভাংচুর সহ নগদ টাকা স্বর্ণালঙ্কার ও এতে ক্ষতির পরিমান প্রায় ৫-৬লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
এর পর থেকে মুসলেহ উদ্দীন গংদের ভয়ে ৬টি পরিবারের ২০জন সদস্য শুক্রবার থেকে গতকাল শনিবার পর্যন্ত বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। এই ব্যাপারে নার্গিস আক্তার বাদী হয়ে মুসলেহ উদ্দীন, আলিম উদ্দীন, সবুর মিয়া সহ ১০জনের নামে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রতিপক্ষ আলিম উদ্দীন জানান, তাদের পক্ষের লোকজনকেও আব্দুস ছাত্তারের লোকজন মারধর করেছে। বাজিতপুর থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছেন।

