জামায়াত নেতার বিরুদ্ধে বোন-ভাগ্নি ও নাতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের ইটনায় পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, ওয়ারিশদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, প্রতারণার মাধ্যমে জমি ও অর্থ হাতিয়ে নেওয়া এবং জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহর বিরুদ্ধে। এ ছাড়া পরিবারের নারী সদস্যদের হয়রানি, হুমকি, মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগও করেছেন তাঁর স্বজনেরা। এসব ঘটনায় নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন অভিযুক্ত নুরুল্লাহর বড় বোন, দুই ভাগনি, নাতি ও পরিবারের অন্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, বাবার মৃত্যুর পর থেকেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত। তাঁদের অভিযোগ, আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ কৌশলে পরিবারের অন্য সদস্যদের প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। বিশেষ করে তাঁর বড় বোন মারজান আক্তারকে বাবার ওয়ারিশি সম্পত্তির ন্যায্য অংশ দেওয়া হয়নি। বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে জমি বিক্রির ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের। প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুযায়ী প্রাপ্য অংশ থেকেও মারজান আক্তারকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মারজান আক্তারের মেয়ে মুতাহারা আক্তারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে সম্পূর্ণ টাকা নেওয়া হলেও পরে মাত্র ৩৫ শতাংশ ভূয়া জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। বাকি জমির বিষয়ে জানতে চাইলে তাঁকে একটি কথিত ভুয়া দলিল দেওয়া হয়। এ নিয়ে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এ ছাড়া পরিবারের বিধবা সদস্য রুমা আক্তারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়নি। পরে টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।

একইভাবে মারজান আক্তারের নাতি মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকেও জমি বিক্রির প্রলোভন দেখিয়ে কথিত ভুয়া দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়ও আদালতে মামলা চলমান রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, এসব অনিয়মের প্রতিবাদ করায় উল্টো তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বাড়িঘরে গিয়ে হামলা, মারধর এবং পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। এসব কারণে তাঁরা নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না। নিরাপত্তাহীনতার কারণে পরিবারের কেউ কেউ নিজ এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। অভিযোগের পক্ষে কথিত জাল দলিল, আর্থিক লেনদেনের প্রমাণসহ বিভিন্ন কাগজপত্র তাঁদের কাছে রয়েছে বলেও জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ আমার মামা। ছোটবেলা থেকেই আমার বাবা নেই। মা গার্মেন্টসে চাকরি করে আমাকে বড় করেছেন। আমার মাথা গোঁজার ঠাঁই নেই। মামাকে অভিভাবক হিসেবে মেনে তাঁর কাছে জমি কেনার জন্য টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে একটি ভুয়া দলিল দিয়েছেন বলে আমার অভিযোগ।’

তিনি আরও বলেন, ‘এর প্রতিবাদ করায় তাঁর স্বজন ও সহযোগীরা আমাকে এবং আমার মাকে মারধর করেছেন। আমরা এখন বাড়িতে যেতে পারি না। নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকলেও সেখানেও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছি। আমার বিরুদ্ধে দুটি আয়করসংক্রান্ত ষড়যন্ত্রমূলক মামলা ও অভিযোগ করা হয়েছে, যেগুলোকে আমি হয়রানিমূলক মনে করি। আমি চাই, এসব হয়রানি বন্ধ হোক। আমার ও আমার মায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা হোক।’

অভিযোগের বিষয়ে মারজান আক্তার বলেন, ‘আমার ভাই আমাকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমাকে কোনো সম্পত্তি দেয়নি, টাকাও দেয়নি।
তিনি বলেন, আমি ঢাকা থাকাতে অন্য মহিলাকে বোন সাজিয়েও দলিল দিয়েছেন আমার এই ভাই। আমার দুই মেয়ের ঘরের দুই নাতির বাবা নেই। অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে টাকা জমিয়ে বাড়িঘর করেছি। কিন্তু এখন নিজের বাড়িতেও শান্তিতে থাকতে পারি না। বাড়িতে গেলে আমার ভাই আমার নাতি ও স্বজনদের মারধর করে। প্রায় ২৫ বছর ধরে ঢাকায় সন্তানদের নিয়ে কষ্ট করে জীবন কাটিয়েছি। বাবার সম্পত্তি থেকে আমাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে। এখন আমার ন্যায্য পাওনা ফেরত চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহর বড় বোন মারজান আক্তার, ভাগনি মুতাহারা ও রুমা আক্তার, ভাগনির ঘরের নাতি মোহাম্মদ সাইফুল ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ বলেন, আমার দুই বোনের ছেলেদের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত না থেকেও আমাকে তিনটি মামলার আসামি করা হয়। মামলাগুলো আমার পক্ষে নিষ্পত্তি হওয়ায় তাঁরা আমার মানহানির উদ্দেশ্যে দেন-দরবার করতে চাইলে আমি তাতে সম্মতি জানাই। কিন্তু তাঁরা আলোচনায় না বসে বিভিন্ন জায়গায় আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমার বড় বোন মারজান নিজেই বিক্রি করে নিয়ে গেছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ