নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে বিস্ফোরক মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জামাল উদ্দিন উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নোয়াপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। এ সময় বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলকারীদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামাল উদ্দিনের নাম রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকা, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সংগঠনের কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিনের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

