ধামইরহাট সীমান্তে ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৮ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭১/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ভবিষ্যতে আরও জোরদার অভিযান পরিচালনা করা হবে।

