কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা বিএনপির পৃথক আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও ভবঘুরেদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
সকালে কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মিয়া, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জুলাই যোদ্ধা শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের অংশগ্রহণে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
সন্ধ্যায় পৌর অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুপুর ১২টায় জেলা বিএনপির উদ্যোগে ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়। র্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি প্রশাসন, রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

