কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে চতুর্থবারের মতো সম্মাননা স্মারক পেয়েছেন যুব সংগঠক আমিনুল হক সাদী। জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সাত দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার সকালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত ঋণের চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি জাতীয় যুব পুরস্কার জেলা বাছাই কমিটির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতায় জেলায় দ্বিতীয় স্থান অর্জন করায় আমিনুল হক সাদীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন মাসের আবাসিক প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১০ সালে ‘যুব উন্নয়ন পরিষদ’ নামে একটি যুব কল্যাণমূলক সংগঠন প্রতিষ্ঠা করেন আমিনুল হক সাদী। সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

বর্তমানে সংগঠনটির পাঁচ শতাধিক সদস্যের একটি দল যুব কল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। সংগঠনটির মাধ্যমে ইতোমধ্যে প্রায় তিন হাজার বেকার যুবক ও যুব নারীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তাঁদের মধ্যে তিন শতাধিক যুবককে স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রেখেছে সংগঠনটি।

এ ছাড়া শিশু, কিশোর, যুব ও বয়স্কদের জ্ঞানচর্চার সুযোগ তৈরিতে সংগঠনটির রয়েছে পাঁচ হাজার বইসমৃদ্ধ একটি আধুনিক পাঠাগার। পাশাপাশি শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা, যুব নেতৃত্বের বিকাশ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরিতেও কাজ করছে সংগঠনটি।

যুব কল্যাণ ও সমাজ উন্নয়নে এসব অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছিলেন আমিনুল হক সাদী। এবার চতুর্থবারের মতো এ সম্মাননা অর্জন করলেন তিনি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ