ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, এমএম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নৌশাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা এবং পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ দিবসের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের মূল্যবোধ ধারণ করতে অনুপ্রাণিত করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক এমকে জিন্নাহ চৌধুরীর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

