বরিশালে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্ত্রী
মো. মারুফ হোসেন, বরিশাল:
বরিশাল নগরীতে স্ত্রী ও শাশুড়িকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লামিয়া আক্তার (৩০) নামে এক নারী। অভিযোগ দেওয়ার পর আবারও মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লামিয়া।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল নগরের কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোডের বিসিসির ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। লামিয়া ওই এলাকার বাসিন্দা মো. মীর মোশারেফ হোসেনের মেয়ে। অভিযোগে তাঁর স্বামী মো. রাজিব খান (৩৬) ও রাজিবের দ্বিতীয় স্ত্রী রাবেয়া বসরী প্রিয়াকে (২৩) অভিযুক্ত করা হয়েছে।
লামিয়ার অভিযোগ, তাঁকে না জানিয়ে প্রায় এক বছর আগে রাবেয়া বসরী প্রিয়াকে বিয়ে করেন রাজিব। এরপর থেকে তাঁর ভরণপোষণ বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে স্বামীর কাছে জানতে চাইলে তাঁকে মারধর ও দুর্ব্যবহার করা হতো বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন রাতে রাজিব ও তাঁর দ্বিতীয় স্ত্রী মাদক কেনার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা লামিয়া ও তাঁর মাকে গালিগালাজ এবং মারধর করেন। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন লামিয়া।
এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
লামিয়ার আরও অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার পর তাঁকে আবারও মারধর করা হয়। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কাউনিয়া থানা পুলিশের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র নিশ্চিত হওয়া যাবে।

