আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের বিয়ের অনুদান বিতরণ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মৃত মোটর শ্রমিকদের পরিবারের সদস্যদের এবং শ্রমিকদের মেয়েদের বিয়ের জন্য অনুদানের চেক বিতরণ করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার সাতজন মৃত শ্রমিকের পরিবারকে ৩০ হাজার টাকা করে এবং ছয়জন শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সান্তাহার শাখার সহসভাপতি মনসুর আলী, বুলবুল ও টুলু, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম, ধর্মবিষয়ক সম্পাদক মুয়াজ্জিন এবং সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার অনুদানপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন।

