বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে এখন কঠিন পরিস্থিতিতে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। তবে ফাইনালে জায়গা করে নিতে জয় পাওয়ার পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলাফলের সমীকরণও নিজেদের পক্ষে আনতে হবে বাংলাদেশকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে পারভেজ হোসেন ইমনকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন সৌম্য সরকার। উল্লেখ্য, চোটের কারণে লিটন দাস ছিটকে যাওয়ার পর তার বিকল্প হিসেবে দলে যুক্ত করা হয়েছে পারভেজ ইমনকে।

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত এবং চার নম্বরে সাইফ হাসানের খেলা অনেকটাই নিশ্চিত। অধিনায়ক তাওহিদ হৃদয় নামবেন পাঁচ নম্বরে। লোয়ার মিডল অর্ডার শক্তিশালী করতে একাদশে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাটিংয়ের দায়িত্ব সামলানোর জন্য থাকবেন মোসাদ্দেক হোসেন।

বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হলে একাদশে সুযোগ পেতে পারেন আলিস আল ইসলাম। সে ক্ষেত্রে তার আন্তর্জাতিক অভিষেকও হয়ে যেতে পারে এই গুরুত্বপূর্ণ ম্যাচে।

পেস আক্রমণে তিনজন পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সম্ভাব্য এই ইউনিটে থাকছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ